আগস্টে চার কলেজে ভার্চুয়াল ভর্তি পরীক্ষা

২৮ জুলাই, ২০২০ ২২:৫৬  
করোনাভাইরাস মহামারীর মধ্যে ক্যাথলিক চার্চ পরিচালিত নটর ডেম, হলিক্রস, সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজকে ভার্চুয়ালি ভর্তি পরীক্ষা নিয়ে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে সরকার। আগামী ৯ থেকে ১৪ অগাস্টের মধ্যে এসব প্রতিষ্ঠানের একাদশ শ্রেণিতে ভার্চুয়ালি লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়ে মঙ্গলবার কলেজগুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ভর্তি ফি সোনালি সেবার মাধ্যমে ভর্তি ফি খাতে প্রতি শিক্ষার্থী বাবদ ৩৫০ টাকা (আবেদন ফি ৫০ টাকা, বোর্ডের প্রাথমিক নিশ্চয়ন ফি ২০০ টাকা এবং ডাটা এন্ট্রি ফি ১০০ টাকা) জমা দিয়ে ছক আকারে পাঠাতে হবে। এর আগে ক্যাথলিক চার্চ পরিচালিত এই চার প্রতিষ্ঠানে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির পর গত ২ জুন ঢাকা শিক্ষা বোর্ড ২০ জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল। তবে অনুমতির একদিন পর ৩ জুন ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়।